
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া-জানখালী ও ভাইজোড়া গ্রামের লোহার পুলটি বেহাল দশায় পরিনত হয়েছে। জরাজীর্ণ লোহার পুলটি দিয়ে তিন গ্রামের হাজারো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে স্থানীয়দের নিত্যদিনের প্রয়োজনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলটির বেহাল দশায় স্থানীয় কৃষকরা পণ্য পরিবহনের জন্য নিজস্ব উদ্যোগে বাঁশ দিয়ে মেরামত করে কোন রকম চলাচল করছেন। প্রবীন ও অসুস্থ রোগীদের নিয়ে পুলটি পারাপারে চরম ঝুঁকি ও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ভাঙ্গা এ পুলটি উপজেলার তুষখালী ইউনিয়নের তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়, গোলদার বাড়ি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, জানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জানখালী কওমী মাদ্রাসার ক্যাচমেট এরিয়ার মধ্যে রয়েছে। শিশু শিক্ষার্থীরা পুলটি পারাপারে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, লোহার এ পুলটি ইতোপূর্বে একাধিকবার মেরামত করা হয়েছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় কৃষকরা পণ্য পরিবহন করায় বারবার স্লিপার ভেঙে যায়। এখানে একটি কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এটি দ্রুত মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হবে। এখানে যাতে একটি কালভার্ট নির্মাণ করা হয় সেজন্য চেষ্টা করা হবে।