
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :সাতক্ষীরায় টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড দেয়ার নামে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে।কলারোয়া উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মিলন হোসেন (৪৫) নামের এক যুবকের কাছ থেকে ৫২ জন মহিলার ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ) সকালে কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে মিলনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২ টি ছবিসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ।
মহিলারা অভিযোগ করেন, তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন।
সে সময় সেখানে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম । তিনি জানান- একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ড বের করে দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেবে বলে এগুলো নিয়েছে বলে স্বীকার করে।
তিনি আরো জানান- মিলন আওয়ামী লীগ কর্মী। সে প্রতারক চরিত্রের, ইতোপূর্বে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও জেলও খেটেছে।
এনআইডি কার্ডগুলো উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান- আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এনআইডি কার্ড উদ্ধারকালে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান- আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ঘটনায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোন ফ্যামিলি কার্ড দেয়ার সরকারি নির্দেশনা আসেনি।