
মাদারীপুর প্রতিনিধি : মামলার দ্বন্ধে সেচপাম্প বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ফলে প্রচণ্ড রোগ আর পানি না পাওয়ায় প্রায় অর্ধশত বিঘা জমির বোরো ধানের ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামের অর্ধশত বিঘা জমির কৃষক। এ ঘটনায় ভূক্তভোগী কৃষকরা প্রশাসনের মাধ্যমে দ্রুত ধানের ক্ষেতে পানির ব্যবস্থার দাবি করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামের হাওরের ক্ষেতে পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। বড় বড় ফাটল আর লালচে রংয়ের ফ্যাকাশে ধান খেতে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দক্ষিণ দুধখালি গ্রামের নিজাম মুন্সির মা হালিমা খাতুন ও স্ত্রী সোনিয়া আক্তার। অন্যের এক বিঘা জমি লিজ নিয়ে এবছর ধান চাষ করেছে তারা। এ জমির ধান দিয়েই বছর জুড়ে পুরো পরিবারের আহারের ব্যবস্থা হয়। কিন্তু এলাকার একটি মারামারির মামলাকে কেন্দ্র কিছু দিন আগে জমিতে সেচপাম্প বন্ধ করে দেয় একটি পক্ষ। এর পর থেকে আর জমিতে পানি দেয়া হয়নি। ফলে পানির অভাবে ধান ক্ষেতেই পুড়ে যাচ্ছে। এতে ক্ষোভের অন্ত নেই নিজাম মুন্সির পরিবারের। দ্রুত সমাধান হয়ে সোনার ফসলে পানি দেয়ার দাবী তাদের।
স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, গেলো ২৪ ফেব্রুয়ারী রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ দুধখালী মুন্সিবাড়ী জামে মসজিদের সংস্কার কাজ নিয়ে স্থানীয় আলমগীর মুন্সির সাথে একই এলাকার সিদ্দিক মুন্সী, কামাল মুন্সীসহ কয়েকজনের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন ২৫ ফেব্রুয়ারী মাদারীপুর সদর থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরো ৮ থেকে ৯ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে আলমগীর মুন্সির লোকজন প্রতিপক্ষের লোকজনকে ঘায়েল করতে জোরপূর্বক দক্ষিণ দুধখালী হাওরের প্রায় অর্ধশত বিঘা জমির সেচপাম্পটি ভেঙ্গে ফেলে দেয়। এঘটনার পর থেকে হাওরের এসব জমিতে পানি দেয়া বন্ধ হয়ে যায়। যে কারণে প্রায় প্রতিটি জমিতেই প্রচণ্ড খড়া আর অনাবৃষ্টিতে ধান গাছে হলুদ বর্ণ ও লালচে রং ধারণ করে নষ্ট হয়ে গেছে। এসব জমিতে প্রতি বছর অন্তত এক থেকে দেড় হাজার মন বোরো ধান উৎপাদন হয়। এবছর যার পুরোটাই নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে।
স্থানীয় নিজাম মুন্সির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী পরিশ্রম করে পরের এক বিঘা জমি লিজ নিয়ে ধান চাষ করছি। ধানের চারাগাছ ভালোই হয়েছিল। কিন্তু গত ১২ থেকে ১৩ দিন ধরে সেটমেশিন ভেঙ্গে ফেলায় ধানের ক্ষেতে পানি দিতে না পারায় প্রায় সব ধানই মরে যাইতেছে। এভাবে আর কয়েকদিন থাকলে আর ধানের আশা করা যাবে না। মামলা-হামলা হতে পারে কিন্তু তাই বলে ধানের পানি দেয়া কেন বন্ধ করলো? আমাদের পেটে লাথি দেয়া হইছে। এই ধানের উপরে সারা বছর আমরা বেঁচে থাকি। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।’
একই গ্রামের কৃষক কামাল মুন্সি বলেন, ‘মামলার পরে সেচ দেয়ার পাম্পটি ভেঙ্গে ফেলা হইছে। আর আমাদের চাষিদের মামলা দিয়ে গ্রামছাড়া করেছে, যে কারণে জমিতে আসতে পারি না। সেচপাম্পও মেরামত করতে দেয় না। আমাদের মুখে ভাত দেয়ার মতো আর ব্যবস্থা থাকলো না। এভাবে ফলন্ত ধানগুলোকে মেরে ফেলতেছে। পুলিশ প্রশাসনের কাছে দাবী, মামলা হলে আদালতে বিচার করুক, তাই বলে ধানের পানি দেয়ার ব্যবস্থা করুক।’
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মামলা হলেই যে সেচপাম্প বন্ধ করে দিবে বিষয়টি ঠিক না। আমার কাছে সেচপাম্প বন্ধের ঘটনাটি জানা নেই। যে করেই হোক ধানের ক্ষতি যেন না হয়, সেবিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। ফসল নষ্ট করার অধিকার কারোই নেই। যে বা যারাই করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তবে মামলার বাদী আলমগীর হোসেন এবিষয় গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। তিনি বিষয়টি পুলিশ ও আদালত বুঝবে বলে দাবী করেছেন।