
ডেস্ক রিপোর্ট : মার্কিন আইনপ্রণেতারা আগামী সপ্তাহে ইরান যুদ্ধ বন্ধ করতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী যেকোনো হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করার একটি প্রস্তাব পাস করতে যাচ্ছেন।
এ ব্যাপারে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভোটাভোটির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেটের বিরুদী দলীয় নেতা চাক শুমার। খবর রয়টার্সের।
বুধবার (৮ এপ্রিল) সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন।
নিউইয়র্কে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুমার একথা বলেন, কংগ্রেসকে অবশ্যই এ ভোটের মাধ্যমে তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, বিশেষ করে এই বিপজ্জনক মুহূর্তে।
ট্রাম্প তেহরানকে অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে আল্টিমেটাম দিয়েছিলেন তার দুই ঘণ্টা আগে গত মঙ্গলবার ট্রাম্প নিজেই যুদ্ধবিরতিতে সম্মত হন।
এর আগে ট্রাম্প হুমকি দেন, আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এটা বিশ্বব্যাপী উদ্বেগ এবং ডেমোক্র্যাটদের মধ্যে নিন্দার জন্ম দেয়, যাদের মধ্যে অনেকে ট্রাম্পকে পদ থেকে অপসারণের আহ্বান জানান।
যুদ্ধে মানবিক আচরণের বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বলে বিবেচিত স্থানগুলিতে হামলা নিষিদ্ধ করে।
ওই বক্তব্যের জন্য শুমার ট্রাম্পকে “উন্মাদ” বলে অভিহিত করেন এবং ইরানের সরকারকে দুর্বল করতে বা তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় এই যুদ্ধের সমালোচনা করেন এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ারও সমালোচনা করেন।
ইরান বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ট্রাম্প প্রশাসন এই যুদ্ধকে একটি চূড়ান্ত বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।
হোয়াইট হাউস বলছে, সীমিত সামরিক অভিযানের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার ক্ষেত্রে সর্বাধিনায়ক হিসেবে ট্রাম্পের পদক্ষেপগুলো আইনসম্মত এবং তার অধিকারের মধ্যেই পড়ে।
সাম্প্রতিক মাসগুলোতে সিনেট ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা সামরিক অভিযান শুরুর আগে ট্রাম্পকে আইনপ্রণেতাদের অনুমোদন নিতে বাধ্য করার জন্য যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব পাস করার চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছেন।
কংগ্রেসে ট্রাম্পের সহকর্মী রিপাবলিকানরা—যাদের সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় ক্ষেত্রেই সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে—প্রায় সর্বসম্মতভাবে তার ট্রাম্পের নীতিগুলোকে সমর্থন করেছেন।
যদিও মার্কিন সংবিধানে বলা আছে যে প্রেসিডেন্ট নন, বরং কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে, তবে এই সীমাবদ্ধতা স্বল্পমেয়াদী অভিযানের ক্ষেত্রে বা দেশ কোনো তাৎক্ষণিক হুমকির সম্মুখীন হলে প্রযোজ্য নয়।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা এবং নিউইয়র্কের প্রতিনিধি হাকিম জেফ্রিস বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার একটি প্রস্তাবের ওপরও প্রতিনিধি পরিষদের ভোট দেওয়া উচিত।
মার্কিন গণমাধ্যম সিএনএনকে জেফ্রিস বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই বেপরোয়া ইচ্ছাকৃত যুদ্ধের একটি স্থায়ী অবসান প্রয়োজন।