
ডেস্ক রিপোর্ট : জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনাসহ আসামিদের বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না হয়, বাধাগ্রস্ত না হয়।’
এনসিপির এই নেতা বলেন, ‘জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মূল আসামিদের এখনো গ্রেফতার করে বিচারের আওতায় না আনাটা আমরা ব্যর্থতা মনে করি। এই ব্যর্থতা বিএনপি সরকারকে দূর করতে হবে।’
সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়ার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘শপথ না নেওয়ায় প্রমাণিত হয়েছে, যে সংস্কার বিএনপির পক্ষে আসবে তারা কেবল সেটাই করবে। তারা শুরু থেকেই সংস্কারের বিপক্ষে ছিল। জনচাপে পড়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করেছে।’