
বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও পথসভা।
সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মেসবাহউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এবং বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. শরফুদ্দিন আহমেদ সান্টু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খাঁ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এস. শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। জনগণের শক্তিতেই বিএনপি বিজয়ী হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
জনসমাগমে মুখর সাতলা
উল্লেখ্য, বিকাল ৪টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকেই সাতলার জাতীয় ঈদগাহ মাঠে মানুষের ঢল নামে। সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সাতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতলার ঐতিহ্যবাহী বাজার ও আশপাশের অলিগলি।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই উঠান বৈঠক ও পথসভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই গণসংযোগ কর্মসূচি আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Like this:
Like Loading...
Related